ঘৃণা
• তদাত্মা শীল
ওই যে আবু সইদ ,
শরীরে গুলি নিয়ে একটা গোটা জাতির স্বার্থের বিনিময়ে নিজেকে উৎসর্গ করে দিল সৃষ্টিকর্তার চরণে ,
অথবা সেই যে সুদীপ্ত গুপ্ত ,
মিছিলের প্রথম সারিতে দাঁড়িয়ে আঘাতে আঘাতে নিজের রক্তাক্ত জীর্ণ দেহটাকে উৎসর্গ করে দিল !!
কিংবা বলিভিয়ার জঙ্গলে চে গুয়েভারা,
অথবা শহর কলকাতায় চারু মজুমদার , অন্ধ্রপ্রদেশে হিদমা , লাহোরে ভগৎ সিং আরো কত নাম , আরো কত স্থান !!
এরা সবাই বলি হয়েছিল স্রষ্টার চরণে ।।
প্রার্থনা একটাই ,
একটা নিপীড়িত, শোষিত, ঘৃণা অবহেলায় জর্জরিত জাতিকে রক্ষা করা ।
তোমাদের ঈশ্বর নিজের পাওনা মিটিয়ে নিলো ঠিক,
কিন্তু বিনিময়ে কিচ্ছু দিলো না !!
আমি তোমাদের স্রষ্টাকে ঘৃণা করি ।।
আমি ঘৃণা করি এই জগত , এই ঈশ্বর , এই ধর্ম , এই প্রেম , এই কাম , এই আকাশ , এই বাতাস এককথায় সবকিছুকে ।
আমি ঘৃণা করি নিজেকে ।
আমি ঘৃণা করি তোমাকে ।
আমি ঘৃণা করি সেই মেরুদণ্ডী প্রজাতি হোমো সাপিয়েন্স কে , যারা বিবর্তনের পথে আজ নিজেদের মেরুদন্ড হারিয়ে বসে আছে ।
আমি ঘৃণা করি তাদেরকে ,
যারা সমাজমাধ্যমের বিনোদনের পাল্লায় বারবার অবহেলা করে যায় নিজের জীবন, নিজের জাতি , নিজের রাষ্ট্র , নিজের পৃথিবীকে ।
এদেরও কথা ছিল , আবু সইদের , সুদীপ্ত গুপ্তর, চারু মজুমদারের আরো শত শত হোমো সাপিয়েন্সের প্রতি ঈশ্বরের প্রতারণার বদলা নেওয়ার ,
এদেরও কথা ছিল মিছিলে মিছিলে , স্লোগানে স্লোগানে রাজপথ কাপিয়ে তোলার ।
এদেরও কথা ছিল নিজের প্রেমিকাকে ভ্যালেন্টাইনস ডে তে দামী হোটেলে বিলাসবহুল সজ্জার পরিবর্তে জীবনের গান উপহার দেওয়ার ।
এরা কেউ কথা রাখেনি।।
তাই আমি এদেরকে ঘৃণা করি ।
আমার নিজের কর্তব্য ছিল এই ভ্রান্ত প্রজাতিটার ভ্রম কে হত্যা করার ,
কিন্তু মেশিনগানের গুলি , টিয়ার গ্যাস , অথবা জেলখানার অকথ্য অত্যাচার , এসবের ভয়ে আমিও ঘাতক হওয়ার সাহস করিনি ।
তাই আমি নিজেকে ঘৃণা করি ।
আমি ঘৃণা করি তাদেরকে ,
যারা আকাশে পাখি দেখলে হেসে ওঠে না ,
শ্যামবাজারের গণজোয়ারে নিজেকে ভাসায় না ,
কবিতার অর্থ বোঝার চেষ্টা করে না ,
মাদকতার ঘোরে নতুন কিছু সৃষ্টির কথা ভাবে না ,
প্রেমিকার কানের ফাঁকে ফুল গুঁজে দেয় না ,
একটান কাজল , একটা ছাপার শাড়ি, ছোট্ট একটা টিপ যাদের ঠিক পোষায় না ।
আমি তাদের ঘৃণা করি ।
আমি তাদেরকে ঘৃণা করি ,
যারা পারিবারিক শিক্ষায় আত্মীয়ের সমালোচনা করলেও প্রকাশ্যে ঘাতক রাষ্ট্রের সমালোচনা করে না ,
যারা উবেরের কাচের আড়ালে বৃষ্টিকে উপভোগ করে কিন্তু বৃষ্টিস্নাত পথশিশুকে একবেলার খাবার দিতে পারে না ,
যারা আভিজাত্যের অহংকারে অন্য মানুষকে অভিজাত হতে দেয় না।
আমি তাদের ঘৃণা করি ,
যারা একবোতল সস্তার মদের লোভে নিজের অশিক্ষার জন্য কোন দুঃখ প্রকাশ করে না ,
যারা খুচরো পয়সার লোভে একটা খুনে দলের হয়ে গুন্ডামি করতে বিন্দুমাত্র পিছপা হয় না ।
আমি তাদের ঘৃণা করি।।
আজন্মকাল আমি শুধু ঘৃণাই দিয়ে এসছি ।
তাই যারা আমাকে ঘৃণা ছাড়া অন্য কিছু দিতে আসে ,
আমি তাদের ঘৃণা করি ।।

