প্রতিটা ঘুমহীন রাতে,সুদীপ্ত জেগে থাকুক সাথে!

প্রতিটা ঘুমহীন রাতে,
সুদীপ্ত জেগে থাকুক সাথে!

• সায়ক

তপ্ত আগুনে ঝলসে যেভাবে লোহা ইস্পাতের রূপ নেয়,মতাদর্শের স্ফুলিঙ্গে পুড়িয়ে সেভাবেই কঠিন করে তুলতে হয় নিজেকে। এ পৃথিবীর আদিমতম সত্য হল দ্বন্দ্ব এবং দ্বন্দ্ব থেকেই উৎপন্ন হয় সংশ্লেষ—বিজ্ঞান। সংশ্লেষই নিজের মননের ভেতর নিজেকে সঠিক হওয়ার দিশা দেখিয়ে দেয়। শেখায় যশ,লোভ,খ্যাতির ঝলকানি আর সুবিধাবাদের প্রলোভনের এই পৃথিবীতে বিশ্বাসঘাতক না হওয়ায় শপথ। মতাদর্শের প্রতি দায়বদ্ধতাই শেখায় ভালো মানুষ হতে,যারা জলের বুদবুদের মত ভেসে যায় তারা মতাদর্শের ব্যাপ্তিকে বুঝতে চেষ্টা করেনি কোনোদিন। শেষ রক্তবিন্দু পর্যন্ত শ্রেণীর স্বার্থে সবটুকু কমিটমেন্ট করতে গেলে ত্যাগ করার মন্ত্রকে জীবনের সংজ্ঞা বানাতে হয়,আর প্রতিটা ঘুমহীন রাতে ভুলে যাওয়ার ইচ্ছা যেন না হয় সুদীপ্ত’র রক্ত মাখা শরীর। কাঁটা বিছানো পথে রক্ত ঝরাতে ঝরাতে এগিয়ে যাওয়ার নেশাকে যদি কোনোদিন অন্ধকার গ্রাস করতে চায় শুধু বারবার মগজে এসে ধাক্কা দিয়ে যাক—

“জয়লোভে যশোলোভে রাজ্যলোভে,অয়ি,
বীরের সদ্গতি হতে ভ্রষ্ট নাহি হই…”